শান্তিপুরে মায়ের প্রেমিককে ধারাল অস্ত্র দিয়ে কোপাল ছেলে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ১৩ মার্চ: মায়ের প্রেমিক’কে দা দিয়ে কোপাল ছেলে। আহত প্রেমিক হোটেল মালিক হাসপাতালে ভর্তি। আক্রমণকারী ছেলে পয়াতক। এই ঘটনা, শান্তিপুরের বাইগাছি পাড়ার।

সূত্রের খবর অনুযায়ী জানা যায়, অন্য পাঁচটা দিনের মতন কল্যাণ গুহ তার হোটেল থেকে মোটরসাইকেলে চেপে বাড়িতে ফিরছিলেন। পথের মাঝেই ওই এলাকার যুবক সায়ন্তন সাহা হঠাৎ তাকে দাঁড় করিয়ে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এরপর এলাকা থেকে পালিয়ে যায় ওই যুবক। রক্তাক্ত অবস্থায় কল্যাণ গুহকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায় তার মাথায় এবং হাতে মিলিয়ে মোট ১৮টি সেলাই পড়েছে। এ বিষয়ে কল্যাণ গুহর স্ত্রী তুলি গুহ জানান, পাড়ারই মিঠু সাহা নামে এক গৃহবধূর সঙ্গে দীর্ঘ ১৩ বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার স্বামীর। কিছুদিন আগে ওই মহিলার স্বামীর মৃত্যুর পরে তা আরো প্রকট হয়। এমনকি দু’জনে বিয়ের জন্য প্রস্তুত হয়। মায়ের বিয়ে বহির্ভূত সম্পর্কের অপমানে এবং মায়ের নতুন বিয়ে বন্ধ করতে উত্তেজনাবশত কোপ মারে ছেলে সায়ন্তন সাহা। তুলি গুহ বলেন, তার দুই সন্তানের মত সায়ন্তনও পথে-ঘাটে অপমানিত হয় এই সম্পর্কের জন্য। তবে তারও শাস্তি দাবি করেছে তুলি গুহ।

এ বিষয়ে অবশ্য মিঠু সাহা বলেন, তার ছেলে যা করেছে তার নিশ্চয়ই শাস্তি হবে। তবে তার সাথে কল্যাণবাবুর সম্পর্কের বিষয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, এ ধরনের ঘটনা এখন সর্বত্রই হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *