স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১০ মে:
বাড়িতে ফেরার চেষ্টা করলে আবারও বেধড়ক মার। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি এক প্রবীণ তৃণমূল কর্মী। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মনোজ সরকারের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনা নদীয়ার শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সারাগর নতুন পাড়া এলাকায়।
নয় মাস আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে খুন হয় গোবিন্দ দাস নামে এক তৃণমূল কর্মী। এরপর থেকেই মনোজ সরকারের নেতৃত্বে হামলা চালানো হয়। ভেঙ্গে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের ১৭টি পরিবারের ঘর বাড়ি। তারপর থেকেই ভয়ে পালিয়ে যায় ওই পরিবারের সদস্যরা। অভিযোগ মনোজ সরকারের তরফ থেকে বারবার হুমকি দেওয়া হয় বাড়ি ফিরলেই মারধর করা হবে।
আজ সকালে বাড়ি ফিরলে আবারো মনোজ সরকারের অনুগামীরা বেধড়ক মারধর করে এক তৃণমূল কর্মীকে।আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মী শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। যদিও বর্তমানে মনোজ সরকার এক তৃণমূল কর্মীকে মারধর করে খুনের চেষ্টার অভিযোগে জেলে রয়েছে। শান্তিপুর তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে বলেন, কোনও রকম গুন্ডামি তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। ঘটনার তদন্ত করে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তারা।

