নদিয়ায় বিজেপির তোরণ এবং ফ্লেক্সে দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হল বিধায়কের ছবি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ ফেব্রুয়ারি: ফ্লেক্স ও তোরণ নিয়ে বিজেপির নতুন পুরনো বিতর্ক। সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়কের ছবি বাদ গেল ফ্লেক্স থেকে। দেওয়া হল না ফ্লেক্সে। আবার বিধায়ক নিজের উদ্যোগে যেসব তোরণগুলো বানিয়েছিলেন তার মধ্যে বেশ কয়েকটা তোরণে দলীয় পতাকা দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হয়েছে। এ নিয়ে চলছে বিতর্ক।

সোমবার বিজেপির পরিবর্তন যাত্রার রথ নদিয়ার হাঁসখালি থেকে বাদকুল্লা হয়ে শান্তিপুরে প্রবেশ করবে। আর তার আগেই নব্য বিজেপি এবং পুরনো বিজেপির মধ্যে শুরু হয়েছে গোষ্ঠী কোন্দল। সদ্য তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। দিল্লিতে অমিত শাহের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন। এর ফলে স্বাভাবিকভাবেই দলের মধ্যে বিদ্রোহ শুরু হয়।নদিয়া জেলা তথা শান্তিপুরের অনেক ছোট বড় নেতা তার এই যোগদানকে ভালোভাবে মেনে নিতে পারেননি। আজ বিজেপির পরিবর্তন যাত্রা এসে পৌছবে শান্তিপুরে। আর তার আগেই তৃণমূল থেকে সদ্য বিজেপিতে আসা বিধায়কের সবই বাদ গেল ফ্লেক্স থেকে। এ বিষয়ে শান্তিপুর বিজেপির এক নম্বর টাউন সভাপতি বিপ্লব কর জানান, আমি মন্ডল সভাপতি বলে আমি আমার ছবি ফ্লেক্সে দিয়েছি। মন্ডলকে নিয়ে যেসব কার্য কর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে ফ্লেক্স তৈরি হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বের ফ্লেক্স হোডিং আলাদা করে দেওয়া হয়েছে যেখানে বিধায়কের ছবি আছে। বিধায়কের ছবি দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়ার প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, এরকম কোনও ঘটনার কথা তার জানা নেই। আমি যতটুকু দেখেছি সব জায়গায় বিধায়কের মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

অন্যদিকে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এ বিষয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *