স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ জুন: আর মাত্র কয়েকদিন বাকি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের। জোড় কদমে মাঠে নেমে পড়েছে বিভিন্ন দলের প্রার্থীরা। এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সব দলের প্রার্থীরাই। মূলত গ্রাম বাংলার এই নির্বাচনে ভোটের প্রার্থী চয়ন যথেষ্টই গুরুত্বপূর্ণ বিষয়। সেই অনুসারে মানুষের পছন্দকে প্রাধান্য দিয়েই তৈরী করা হয় প্রার্থী তালিকা। কিন্তু তার মাঝেও অসন্তোষ তৈরী হয়। আমরা ওরা নিয়ে দেখা, দেয় দলাদলি। কিন্তু তার মাঝে এবারে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ৩২ নং আসনে প্রার্থী নির্বাচনে চমক দিল বামেরা। এই আসনে বাম মনোনীত প্রার্থী হয়েছে বাবলু রায়।
একেবারে নিতান্তই সাদামাটা মানুষ। নিপাট ভদ্রলোক হিসেবেই এলাকায় পরিচিত তিনি। পেশায় তিনি টোটো চালক। সকাল থেকে রাত পর্যন্ত প্রবল গরমে টোটো চালিয়ে অক্লান্ত পরিশ্রম করে উপার্জন করেন। কোনো বাহুল্য নেই। তার উপার্জনের একমাত্র পথই এই টোটো। সকলের সাথে মিলেমিশেই থাকেন। ব্যক্তিগত ভাবে কারোরই বিরাগভাজন নন তিনি। এমনই একজন মানুষকে এবারে গৌরী এলাকা থেকে ৩২ নং আসনে প্রার্থী করে বাজিমাৎ করতে চায় বামফ্রন্ট। এই আসনে তার প্রতিপক্ষ হিসেবে রয়েছেন তৃণমূলের বরেন্দ্র নাথ রায়। বরেনবাবু আবার প্রাক্তন প্রধান। সুতরাং যথেষ্ট শক্তিশালি প্রার্থী তিনি। এমন একটি আসনে শাসক দলের শক্তিশালী প্রার্থীর সাথে লড়াই করতে হবে টোটোচালক বাবলু রায়কে। কিন্তু তাতে কোনো ভয় ভীত বা কোনো অবসাদ নেই তার। তিনি প্রার্থীকে নয়, গুরুত্ব দিতে চান জনসাধারণকে।

বাম প্রার্থী বাবলু রায় জানান, তিনি বহুদিন থেকেই সিপিএম দলের কর্মী হিসেবে রয়েছেন। স্থানীয় সংগঠনের প্রসারে কাজ করছেন। তাই দল তাকে এবার টিকিট দিয়েছে। তিনি এবারে নতুন মুখ। সকলেই তাকে ভালোবাসেন বলেই তিনি ভরসা পাচ্ছেন। ভোটে জিতলে মানুষের জন্য কাজ করবেন। মানুষের কর্মসংস্থান সহ একাধিক ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেবেন। তাই জোড়দার প্রচার চলছে। তবে তাই বলে টোটোকে ভুলে যাননি। দল তার পেশা নয়। তাই নিজের পেশাকে টিকিয়ে রেখেই প্রচারে বের হচ্ছেন বলে জানালেন তিনি। বাবলু রায় প্রার্থী হওয়ায় এলাকার মানুষ বেশ খুশি। স্থানীয়রা বলছেন, মানুষ চেয়েছেন তাই তিনি প্রার্থী হয়েছে। একজন টোটোচালক প্রার্থী হওয়ায় তিনি মানুষের দুঃখ দুর্দ্দশাকে প্রকৃত ভাবে অনুভব করতে পারবেন। তাই এলাকার উন্নয়নে তাকে ভরসা করছেন একাংশ মানুষ। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, বাবলু রায় অবশ্য জমি ছাড়তে নারাজ। এই আত্মবিশ্বাসে ভর করেই ভোট বৈতরণী পার করতে চান তিনি। কিন্তু শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায় তার উত্তর মিলবে ব্যালটে।
অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, ব্যক্তিগত ভাবে বাবলু একজন ভালো মানুষ। কিন্তু সিপিএমের কোনো অস্থিত্ব নেই। সারা বছর মানুষের পাশে থাকে না তারা। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সারা বছর থেকে তাদের সমস্যার সমাধান করে। এখন সামনেই পঞ্চায়েত ভোট, তাই এখন ওদের ভোট পাখি হিসেবে দেখা যাচ্ছে বলে জানান বরেন্দ্রবাবু। পাশাপাশি তিনি আরও বলেন, এই আসনে সিপিএম কোনো দিনও জিততে পারবে না। এখানে তৃণমূল কংগ্রেসই জিতবে বলে দাবি তাঁর।

