পুরুলিয়ায় বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে গুরুতর জখম যুবক, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

সাথী দাস, পুরুলিয়া, ৩ জুলাই: বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া মফঃস্বল থানার শ্যামনগরের কাছে একটি সেতুর উপর। জখম ওই যুবকের নাম রাজু রায়। তাঁর বাড়ি পুরুলিয়া ১ ব্লকের বাতিকরা গ্রামে।

জানাগেছে, ওই যুবক তাঁর গ্রামের এক বন্ধুর সঙ্গে মোটর সাইকেলে রাতে কেশরগড়ে হাতিকোন্দর এলাকা থেকে ফিরছিলেন। সেই সময় সশস্ত্র দুষ্কৃতীর দল তাদের আটকে চড়াও হয়। যুবকের সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হলেও তিনি দুষ্কৃতীর কবলে পড়ে যান। তার পরই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায় যুবক রাজুকে। রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। ওই অবস্থায় বাড়ির লোকজনকে ফোনে ডাকেন তিনি। বাড়ির লোক এসে রক্তাক্ত যুবককে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

দুষ্কৃতীরা কী কারণে ওই যুবকের উপর হামলা চালায় তা নিয়ে রহস্য দেখা দিয়েছে পুলিশের মধ্যে। মফঃস্বল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *