সাথী দাস, পুরুলিয়া, ১১ ফেব্রুয়ারি: ২৪ ঘন্টার মধ্যে ভোলবদল করলেন তৃণমূল নেতা। দলের রাজ্য সাধারণ সম্পাদক ও জেলা সভাপতির বিরুদ্ধে করা অভিযোগ থেকে সরে এলেন পুরুলিয়ার তৃণমূল নেতা বিমান সরকার। আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান যে দলের বিরোধিতা তিনি করবেন না। টিকিট না পেয়ে মান-অভিমানেই আবেগ বসতো বলে ফেলেছিলেন যে মোটা টাকার বিনিময়ে টিকিট বিতরণ করা হয়। সেটা ভিত্তিহীন বলে জানান তিনি। এমনকি তিনি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের সত্যতা নেই। একই সঙ্গে তিনি ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবেন বলে জানান।

বিমান সরকারের অভিযোগের পর জেলা তৃণমূল অস্বস্তিতে পড়ে যায়। আলোড়ন পড়ে যায় রাজনৈতিক মহলে। রাজ্য তৃণমূল থেকে চাপ আসে জেলা নেতৃত্বের কাছে। শেষ পর্যন্ত ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন পুরুলিয়া জেলা সভাধিপতি তথা বর্ষীয়ান অভিজ্ঞ নেতা সুজয় ব্যানার্জি ও তৃণমূল নেতা পার্থ প্রতিম ব্যানার্জি। তাঁরা বিমান সরকার ও ক্ষুব্ধ যুব নেতা গৌরব সিংকে দলের ভাব মূর্তি ভালো করার জন্য পরামর্শ দেন। আর তার পরই আপাতত পরিস্থিতি সামাল দেওয়া হয়।
পুরুলিয়ার তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া ও প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক শান্তি মাহাতোর বিরুদ্ধে সেই অভিযোগ থেকে সরে এলেন বিমান সরকার।

