আমাদের ভারত, কলকাতা, ৭ জুলাই: পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তর ২৪ পরগনার পানপুরে মিষ্টি ও ফুল বিতরণ করে গান্ধীবাদী পদ্ধতিতে অভিনব প্রতিবাদের পাশাপাশি পানিহাটিতে সাইকেল মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ সংগঠিত করল তৃণমূল। ইতিমধ্যেই পেট্রোপণ্যের দাম সেঞ্চুরি করে ফেলেছে। তার প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতারা এর প্রতিবাদ করে চেলেছেন।
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার সকালে ভাটপাড়া থানার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে পানপুরে মোড়ে অবস্থিত পেট্রোল পাম্পে অভিনব কায়দায় পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন তৃণমূল কর্মীরা কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে পাম্পে আসা মানুষজনকে ফুল ও মিষ্টি বিতরণ করেন। এদিন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম নিজে হাতে পেট্রোল পাম্পের কর্মীদের, পাম্পে আসা সাধারণ মনুষদের গোলাপ ফুল দেন ও মিষ্টি মুখ করান।
এদিন সোম নাথ শ্যাম বলেন, “পেট্রোলের দাম যেভাবে বাড়ছে সেটা এখন সেঞ্চুরি করে দ্বিতীয় সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আনন্দে আমরা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। আর মোদী সরকার যেভাবে তেলের দাম বাড়াচ্ছে তাতে আগামী দিনে সব নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি হবে। তাতে ছোট ব্যবসায়ীরা মার খাবে আর এটাই মোদী সরকার চাইছে।”
অপর দিকে অস্বাভাবিক পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস সাধারণ মানুষের। এরই প্রতিবাদে বুধবার পথে নামলে পানিহাটী তৃণমূল কংগ্রেস। সাইকেল মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ সংগঠিত করলেন পূর্ব পানিহাটি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। সোদপুর কাঁচকল থেকে ঘোলা পর্যন্ত দু’কিলোমিটার পথ ধরে এই সাইকেল মিছিল হল। শতাধিক কর্মী সমস্ত রকম কোভিড বিধি মেনে প্রতিবাদে মুখরিত হলেন।

