স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩১ জুলাই:
কান ধরে উঠ বস, সঙ্গে মুখে বলতে হচ্ছে ‘মাক্স ছাড়া আর বাইরে বেরোবো না’। আইন ভঙ্গকারীদের শিক্ষা দিতে শুধু গ্রেপ্তার নয়, ভরা রাস্তার মাঝেই করানো হলো কান ধরে উঠবস। তত্ত্বাবধানে নদীয়ার রানাঘাট মহকুমা শাসক রানা কর্মকার।
করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে এবং তৃতীয় ঢেউ যাতে মারাত্মকভাবে প্রভাব ফেলতে না পারে সেই উদ্দেশ্যেই রাজ্য সরকার নাইট কারফিউ জারি করেছে। রাত নটার পর সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনে যেন কেউ বাইরে না বের হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম মেনে সবাই ঠিকঠাক চলছে কি না তা দেখতে রাতে পথে নামেন মহকুমার শাসক রানা কর্মকার। সঙ্গে ছিলেন শান্তিপুর ব্লকের বিডিও প্রণয় মুখার্জি। রাত নয়টার পর যে সমস্ত দোকান খোলা ছিল সেগুলো বন্ধের নির্দেশ দেন তিনি। শুধু তাই নয় যারা অপ্রয়োজনে মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়ে ছিল তাদের কান ধরে উঠবস এবং মুখে বলতে হয়েছে মাস্ক ছাড়া আর বাইরে বেরোবো না।

মাস্ক না পড়ায় রাস্তা থেকে বেশ কয়েকজনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ।

