স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ জুন:
বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠলো শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের নাঘাটা এলাকাতে।
বিজেপির তরফে অভিযোগ, দলিয় প্রার্থীর বাড়িতে হামলা করার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বাধা দিতে গেলে রাণাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বাবা ভূপাল অধিকারী ও ভাই অনুপম অধিকারীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। অভিযোগ, অনুপমের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এছাড়াও বেশকয়েকজন বিজেপি কর্মী আহত হয় এই ঘটনায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

অন্যদিকে শাসক দল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপি কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে।
বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, গতকাল রাতে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির আসনে দাঁড়ানো বিজেপি প্রার্থী কল্পনা সরকারের বাড়িতে আচমকা বোমা নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি কর্মীরা বাধা দিতে গেলে তাদের উপর লাঠি নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। সেই সময় ছুটে আসে বিধায়ক মুকুটমণি অধিকারীর বাবা ও ভাই। তাদের উপর হামলা করে শাসক দলের দুষ্কৃতীরা। বিধায়কের ভাইয়ের মাথা ফেটে যায় লাঠির আঘাতে। সেই সঙ্গে আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাদের প্রত্যেককে কৃষ্ণগঞ্জ গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে পরে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করা হয়। তাদের দাবি, বিজেপি কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। তাদের দুইজন কর্মী আহত হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, এই সংঘর্ষের ঘটনার তদন্তে নেমে দুই পক্ষের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন বিজেপি সমর্থক ও একজন তৃণমূল সমর্থক। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।

