খড়্গপুরের উত্তর তালবাগিচায় এবারের থিম শিশুদের কল্পজগৎ

পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: খড়গপুরের দুর্গাপুজোর (Kharagpur Puja) প্রতি বছরের অন্যতম আকর্ষণ উত্তর তালবাগিচা সবুজ সংঘ। ১৯৬৯ সালে শুরু হওয়া এই পুজো এই বছরে ৫৩ তম বর্ষ। প্রতি বছরের মতই এই বছরেও থাকছে পুজোর থিমের আকর্ষণ।

এই বছর হলিউডের বিখ্যাত সিনেমা সিরিজ ‘দ্য ক্রনিকেলস অফ নার্নিয়া’র কল্পজগৎ ফুটে উঠবে প্যান্ডেলে। এক সময় এই উত্তর তালবাগিচায় কোনো দুর্গা পুজো হত না। এমনকি কাছাকাছি অঞ্জলিও দিতে পারতেন না স্থানীয় বাসিন্দারা। সেই ভাবনা থেকেই এলাকাবাসী সর্বজনীন এই পুজোর সূচনা করেন। তারপর অর্ধ শতাব্দী অতিক্রান্ত।

২০০৭ সালে পুজোর জন্য স্থায়ী মন্ডপ গড়ে ওঠে, আর ২০১১–তে শুরু হয় থিমের পুজো। এই বছর শিশুদের কল্পনার জগতকে প্রাধান্য দেওয়া হতে চলেছে। হলিউডের বিখ্যাত ফ্যান্টাসি সিনেমা সিরিজ ‘দ্য ক্রনিকেলস অফ নার্নিয়া’র কল্পজগৎকে তুলে ধরা হবে থিমের মাধ্যমে। বাজেট প্রায় ২৪ লক্ষ টাকা।

পুজো কমিটির সম্পাদক জানান, “এবারের থিম তৈরি হচ্ছে সিমেন্ট, হোয়াইট সিমেন্ট, প্লাস্টিকের মূর্তি ব্যবহার করে। থিমে বাচ্চাদের ভাবনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।” গত বছর এই পুজো জেলায় ‘বিশ্ব বাংলা সেরার সেরা’ পুজো হিসেবে বিবেচিত হয়েছিল। আগামী রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *