কালিয়াগঞ্জে শিশুর দেহ জামা কাপড়ের ব্যাগে ভরে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল বিজেপি দুই দলই

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর,
১৫ মে: প্রয়োজনীয় টাকার অভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করতে না পেরে শিশু পুত্রের মৃতদেহ জামা কাপড়ের ব্যাগে ভরে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার অমানবিক ও মর্মস্পর্শী ঘটনায় ফের প্রশ্নের মুখে স্বাস্থ্য দফতর। রবিবার এই ঘটনায় শোরগোল পড়ে যায় উত্তর দিনাজপুর জেলায়। অসহায় পরিবারের পাশে দাঁড়ায় জেলা বিজেপি নেতৃত্ব। রবিবার রাতে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়ায় মৃত ওই শিশুর বাড়িতে যায় জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল। পুত্রহারা পিতার কাছে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ শোনেন বিজেপি নেতৃত্ব৷ এরপরেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন বাসুদেববাবু।

এরপর সোমবার মৃত ওই শিশুর বাড়িতে গেল তৃণমূল নেতৃত্ব। মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা সরকার দেবশর্মা, জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবশর্মা, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গোলাম মোস্তাক সহ অন্যানরা কি কারণে তার ছেলের মৃতদেহ ব্যাগে নিয়ে এলেন অসীম দেবশর্মা তা জানতে চান তার কাছে। মর্মান্তিক এই ঘটনায় মৃত শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল নেতৃত্ব৷

অপরদিকে, মহকুমা শাসক কিংশুক মাইতি জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। খবরটি পাওয়া মাত্রই আমরা ব্লক অফিসারদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। পরিবারের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, যে পরিযায়ী শ্রমিক হওয়ার কারণে মৃত শিশুর বাবার স্বাস্থ্য সাথী কার্ড ছিল না। আমরা সেই স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করে দিয়েছি, এবং সমব্যথী প্রকল্পের টাকাও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।” পরবর্তীতেও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি এমন ঘটনা যাতে না ঘটে সেইদিকেও প্রশাসনের নজর থাকবে বলে জানান
কিংশুকবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *