কৃষক স্বার্থে নবান্ন‌ ঘেরাও করে ১৪ তলা পর্যন্ত কিষান মার্চের হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১৬ ডিসেম্বর: কৃষকদের জন্য একাধিক দাবিকে সামনে রেখে সিঙ্গুরের ধর্না বিক্ষোভ চালাচ্ছে বিজেপি। সেখান থেকেই রাজ্যের কৃষকদের স্বার্থে নবান্ন অভিযানের কথা ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর হুঁশিয়ারি নবান্নের ১৪ তলা পর্যন্ত এই মিছিল নিয়ে যাবেন তাঁরা।

সুকান্ত মজুমদার জানান, কৃষকের দাবি নিয়ে শুরু করা তাদের এই আন্দোলন আগামী দিনেও চলবে। রাজ্যজুড়ে একাধিক বিক্ষোভ কর্মসূচি হবে। আগামী ১০ জানুয়ারি নবান্ন অভিযানের দিনক্ষণ ঠিক হবে বলে জানিয়েছেন তিনি।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, “২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর প্রতি ব্লকে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দেবো। ৫ থেকে ১০ জানুয়ারি জেলায় জেলায় কিষান মার্চ হবে। ১০ তারিখ নবান্ন অভিযানের দিন ঘোষণা হবে। নবান্ন পর্যন্ত পদযাত্রা করবো আমরা। নবান্ন ঘেরাও করে ১৪ তলা পর্যন্ত কিষাণ মার্চ হবে। হীরক রানীকে তাঁর চেয়ার থেকে টেনে নামাব আর বোঝাবো কৃষকদের দাবি মানতে হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কর্মসূচির মাধ্যমে বিজেপি এক ঢিলে দুই পাখি মারার কাজ হবে। একদিকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেমন লাগাতার আন্দোলনের সুর বাঁধার কাজ হবে তেমনি বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় কর্মীদের যে মনোবলে ঘাটতি পড়েছে তাকেও চাগিয়ে দেওয়া যাবে।
নবান্ন অভিযানকে সামনে থেকে নেতৃত্ব দেবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *