আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ জুন: জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়ক থেকে ট্রাক বোঝাই দশটি হাতি আটক করল জলপাইগুড়ি বনবিভাগ। কয়েকটি ট্রাকে মোট দশটি হাতি নিয়ে যাওয়া হচ্ছিল। বনবিভাগের কর্মীরা ট্রাক আটক করে। ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ বিজয়।
বনবিভাগ সুত্রে জানা গিয়েছে, অরুণাচল প্রদেশ থেকে গুজরাটে নিয়ে যাওয়া হচ্ছে হাতিগুলো। সাতটি মদ্দা ও তিনটি মাদি হাতি রয়েছে। বৈধ নিয়ম মেনে সব হাতি নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি। গাড়িতে মাহুত, চিকিৎসক পর্যাপ্ত খাবার ও সরকারি সব নিয়ম মানা হয়েছে বলে জানালেন ডিএফও বিকাশ বিজয়।

তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও অসম সীমান্তেও এই হাতির কাগজ খতিয়ে দেখা হয়েছিল। আমাদের রুটিন তল্লাশি হয়, সব কাগজ ঠিক ছিল। হাতির নামও উল্লেখ করা আছে, মাইক্রো চিপ রয়েছে। আমরা কিছু কাগজপত্র খতিয়ে দেখার পর ট্রাক ছেড়ে দেওয়া হবে।

