আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৯ মার্চ:
মঙ্গলবার সন্ধ্যায় রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাবড়া হিজলপুকুর এলাকায় রাস্তার উপরে খালি গ্যাস সিলিন্ডার রেখে অবস্থান-বিক্ষোভ করল উত্তর ২৪ পরগনার হাবড়া শহর তৃণমূল মহিলা কর্মীদের। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে ই–স্কুটিতে করে নবান্নে পৌঁছে ছিলেন। গতকাল মহিলা কর্মীদের সাথে নিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ির রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন।

আজ হাবড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দা চক্রবর্তী অবস্থান বিক্ষোভে সামিল হয়ে সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় যেভাবে দিনদিন রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষ দিশেহারা। এভাবে চলতে থাকলে একসময় দেখা যাবে বাড়ির মহিলারা আবার গুল-ঘুঁটে এবং কাঠ কুড়িয়ে রান্নাবান্নার ব্যবস্থা চালু করবেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যতদিন রান্নার গ্যাসের মূল্য না কমাবে ততদিন আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব।

