অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ জুন:
মুকুল রায়ের তৃণমূলের ফেরার পর পুরোনো কর্মীদের ঘরে ফেরাতে তৎপর তৃণমূল। সেইমতো ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুরেও শুরু হল ঘরে ফেরানোর কর্মসূচি। বুধবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য অজিত মাহানা সহ ২৫০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে দাবি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের।
এদিন বিজেপি থেকে আসা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, রঞ্জিত মহাকুল প্রমুখ। ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন, অজিতবাবু সমেত আজকের যোগদান কারীরা আগে তৃণমূল দল করতেন, কিন্তু কোনও কারণে পঞ্চায়েত ভোট থেকে বিজেপি করতেন। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করলেন।
গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ বলেন, আলমপুর ৬ নম্বর অঞ্চলে সংরক্ষিত আসন হওয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান আছেন, কিন্তু বিজেপি এবং তৃণমূলের সদস্য সংখ্যা সমান হওয়ায় উন্নয়নের কাজ করতে কিছুটা অসুবিধা হত কিন্তু এখন সুবিধা হবে। অপরদিকে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া অজিত মাহানা বলেন, আগে তৃণমূল করতাম ভুল করে বিজেপিতে গিয়েছিলাম সেখানে কোনও কাজ করতে পারছিলাম না এখন আবার পুরোনো দলে ফিরতে পেরে ভালো লাগছে।

