পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: ঘাটালে ফের বড়সড় ভাঙন ভারতীয় জনতা দলের। পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় থেকেই ধাপে ধাপে তৃণমূল কংগ্রেস ভাঙন ধরিয়েছে ঘাটালের গেরুয়া শিবিরে। বৃহস্পতিবার ঘাটাল তৃণমূল ব্লক পার্টি অফিসে জেলা পরিষদের সদস্য শংকর দোলুই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর, তৃণমূল ব্লক প্রেসিডেন্ট দিলীপ মাজির উপস্থিততে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে ঘাসফুল শিবিরে যোগদান করেন ঘাটাল বিজেপির দুই গুরুত্বপূর্ণ নেতা।

সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের ১নম্বর অঞ্চল থেকে বিজেপির টিকিটে জয়ী কল্যাণী ঘোষ এবং জেলা কমিটির সদস্য তথা উত্তর মন্ডলের প্রাক্তন সভাপতি মানস ঘোষের হঠাৎ কেন দলবদল? সেই বিষয়ে বলতে গিয়ে সরাসরি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের একনায়কতন্ত্র ও দুর্নীতির দিকেই আঙুল তুললেন।
অন্যদিকে বিজেপি বিধায়কের বক্তব্য, যে দু’জন ভারতীয় জনতা পার্টির হাত ছেড়ে দিল, তারা বেশ কিছুদিন ধরেই তৃণমূলের দালালি করছিল। ওদের বিরুদ্ধে একাধিক আর্থিক অভিযোগ ছিল। যখনই তাদের সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখনই তারা চোরদের দলে নাম লেখায়। এদের পালা বদলে দলে কিছু প্রভাব পড়বে না।মানুষ সঠিক সময়ে সঠিক জবাব দেবে।

