আমাদের ভারত, ১৭ জুন: “যারা এতদিন “বিজেমূল” বলে প্রচার করতেন, দিন শেষে দেখা যাচ্ছে আসলে গোপন আঁতাত রয়েছে তৃণমূল এবং বামফ্রন্টের মধ্যে।” শুক্রবার এই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
তিনি এদিন সামাজিক মাধ্যমে লেখেন, “বর্তমান রাজনৈতিক সমীকরণে বামেরা ভালোভাবেই জানে তাদের দ্বারা ক্ষমতা দখল এই মুহূর্তে সম্ভব নয়, তাই শাসকদলকে খুশি রেখে তাদের হয়ে পরোক্ষ প্রচার করলে শাসক খুশি হয়ে কিছু তাদের উপহার দেবে এবং রাজনৈতিক অস্তিত্ব বজায় থাকবে। এই জন্যই কি লেসার এভিলের হয়ে নো ভোট টু বিজেপি প্রচার?
অন্যদিকে তৃণমূল ভালোভাবেই জানে সরকার বিরোধী ভোট যতটা ভাগ করা যায় সরকারের ততটাই লাভ। এই কারণেই ভাতার বিনিময়ে কিছু বাম-মনষ্ক মানুষকে সমাজে বুদ্ধিজীবী সাজিয়ে ধরে রাখতে পারলে, তাদের সরকারের ঢাল হিসেবে ব্যবহার করা যাবে। এর সাথে বাম মস্তিষ্কপ্রসূত কিছু তত্ত্ব সমাজে প্রচার করিয়ে বিরোধী ভোট ভাগ করে দীর্ঘদিন সরকারের টিকে থাকা যাবে।
ঠিক এই কারণে পশ্চিমবঙ্গে বিরোধিতা এবং দিল্লিতে সবাইকে পাশাপাশি একই টেবিলে একই মঞ্চে দেখা যায়। নবান্নে ফিসফ্রাই সৌজন্য সাক্ষাৎকারে এসব বোঝাপড়ার পেছনে কি সরকারি সুযোগ সুবিধা ও চাকরির দেওয়ার চুক্তি হয়েছিল?
জনগণ বুদ্ধিমান, তারাই ঠিক করুন এই ‘তৃণমূল-সিপিএম’ সেটিং- এর তাঁরা কী নামকরণ করতে চান।”

