সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ নভেম্বর: রাত পোহালেই ধনতেরাস। ইদানিং ধনতেরাসের দিন সোনা রুপোর গয়না, পিতলের বাসন কেনার সাথে সাথে ঝাঁটা কেনার ধুম পড়েছে। গত কয়েক বছর আম বাঙ্গালি ধনতেরাসের দিন ঝাঁটা কিনতে ভিড় জমায় দোকানে। এবারও ধনতেরাসের দিন বিপুল সংখ্যায় ঝাঁটা বিক্রি হবে এই আশায় প্রচুর পরিমাণে ঝাঁটা মজুত করেছেন বিক্রেতারা।
গত বছর নাকি এতো পরিমাণে ঝাঁটা বিক্রি হয়েছিল যে দ্বিগুণ দামে ঝাঁটা বিক্রি হয়। সেকথা মাথায় রেখে আগে ভাগে বেশি পরিমাণে ঝাঁটা মজুত করেছেন বলে জানান এক বিক্রেতা। নাম প্রকাশে অনীহা প্রকাশ করে ওই বিক্রেতা জানান, এখনও পর্যন্ত দাম স্বাভাবিক রয়েছে।নানা রকমের ঝাঁটা রয়েছে চল্লিশ টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত, নারকেল কাঠির ঝাঁটা।আর ফুল ঝাড়ু আশি টাকা থেকে শুরু।
অপর এক বিক্রেতা জানান, নারকেল কাঠি ও ফুলঝাড়ুর চাহিদাই বেশি। তবে চাহিদা বাড়লে দামও যে চড়তে পারে সেকথা অকপটে স্বীকার করে ওই বিক্রেতার বক্তব্য বাড়তি লাভের আশায় তো অনেক ঝক্কি সামলে এই দিনটির অপেক্ষায় থাকি আমরা।

