সুকান্ত মজুমদারের উপস্থিতিতে দ্রৌপদী মুর্মুর জয়ের উল্লাসে গেয়ালতোড়ে আদিবাসী গৌরবযাত্রা ও বিজয় উৎসব বিজেপির

আমাদের ভারত, গোয়ালতোড়, ২১ জুলাই: রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু নির্বাচিত হওয়ার পরেই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসী গৌরবযাত্রা ও বিজয় উৎসব করল বিজেপি। এই গৌরব যাত্রায় শামিল হতে হাজির হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার, ছিলেন রাজ্য নেতা সমিত দাস সহ জেলার নেতৃত্বরা।

জঙ্গলমহলের আদিবাসীদের সংগঠিত করে কয়েক হাজার আদিবাসীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলের পর গোয়ালতোড় সংলগ্ন এলাকাতে এই আদিবাসী গৌরবযাত্রা ও বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল। গোয়ালতোড় বাজারে প্রবেশের আগে প্রায় এক কিলোমিটার এই গৌরবযাত্রাতে পদযাত্রা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে গোয়ালতোড় বাজারে একটি সভা করেন তিনি। সভাতে শহীদ সমাবেশ সহ তৃণমূলের বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেছেন তিনি। পরে সাংবাদিকদের সামনে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের বিরত থাকা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

প্রসঙ্গত তৃণমূল তৃণমূল সুপ্রিম বলেছেন, তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন না, ভোট দানে বিরত থাকবেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “দিদিমণি বুঝে গিয়েছেন গো হারা হারবেন। অতএব তারা এদিকেও না ওদিকেও না, মাঝখানে থাকলেন। বিরত থাকার পেছনে এটাই মূল কারণ। কারণ হারার লজ্জা সবার থাকে। এর পেছনে কোনও সমঝোতার গল্প নেই। তবে রাষ্ট্রপতি নির্বাচনে যে বিপুল পরিমাণ ভোট পড়েছে সেটা শুধু বিজেপির একার নয়, আরো অন্যান্য লোকেরা ভোট দিয়েছে।”

এরপর আদিবাসী সমাজের পক্ষ থেকে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করা নিয়ে তিনি বলেন, “আদিবাসী সমাজের মধ্যে দ্রৌপদী মুর্মুকে নিয়ে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। দেশের স্বাধীনতা আন্দোলন সহ বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীরা যে লড়াই করেছিলেন তার স্বীকৃতি পেলেন এই নির্বাচনের মাধ্যমে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *