আমাদের ভারত, মালদা, ২৪ জানুয়ারি: বীনপাড়া এলাকায় ছিনতাইবাজদের কবলে এক যুবক। মারধর করে ছিনিয়ে নেওয়া হল নগদ ৭০ হাজার টাকা সহ মোবাইল। আহত যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহত যুবকের নাম শুভঙ্কর চৌধুরী, বয়স(২৪) বছর। পরিবারে রয়েছে বাবা সুকুমার চৌধুরী ও মা সবিতা চৌধুরী। তারা তিন ভাই। শুভঙ্কর মেজ ছেলে। সে পেশায় ভিন রাজ্যের শ্রমিক। বাড়ি ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী ঘাট এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, গত কাল বাইকে করে অমৃতি এলাকায় গিয়েছিল আত্মীয়র বাড়িতে ঘুরতে। রাতে বাইকে করে শুভঙ্কর বাড়ি ফিরছিল সেই সময় বীন পাড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায়, তারপরে শুরু হয় মারধর। তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর সারারাত ধরে রাস্তায় পড়ে থাকে ওই যুবক। সকালবেলা স্থানীয়রা বিষয়টি জানতে পারলে পরিবারের লোকের কাছে খবর যায়। খবরকে ঘটনাস্থল থেকে ওই আহত যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই যুবক। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

