আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ জুলাই: ফের একবার গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া পৌর এলাকা। ভাটপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি চন্দন দাসকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটালো একদল দুষ্কৃতী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
সোমবার রাতে ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর বিজয়নগর এলাকায় তৃণমূল যুব সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। চন্দন দাসের হাতের আঙ্গুল ছুঁয়ে গুলি বেড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে তার বাড়ির ভেতরে চলে যান। তার পর তাকে রক্তাক্ত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তার চিকিৎসা করে ছেড়ে দেন।
এই গুলি চালানোর ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছাতেই ঘটনাস্থলে এসে পৌঁছান ভাটপাড়া থানার পুলিশ। আক্রান্ত তৃণমূল যুব নেতা পেশায় একজন ঠিকাদার। আক্রান্ত চন্দন দাস যদিও ওই ঘটনার সময় কাউকে দেখতে পায়নি বলেই দাবি করেছেন।
এই গুলি চালনার ঘটনা প্রসঙ্গে আক্রান্ত তৃণমূল নেতা বলেন, “এই ঘটনা বিজেপি থেকে যারা তৃণমূলে এসেছে তারাই ঘটিয়েছে বলে আমার ধারণা। আমরা পুরনো তৃণমূল আর যারা নতুন দলে এসেছে বিজেপি থেকে তাদের মধ্যে অনেকেই দুষ্কৃতী আছে। যারা তৃণমূলের নাম খারাপ করতে দলে এসেছে। যাদের উদ্দ্যেশ্য শুধু টাকা কামানো। আর তাদের সাথে আমাদের একটা মত বিরোধ আছে। তাই তারা এই কাজ করে থাকতে পারে। তবে আমি কাউকে দেখিনি এই ঘটনা ঘটাতে। কিন্তু এটা জানি তৃণমূলের কর্মীরা যারা মন থেকে তৃণমূলকে ভালোবাসে তারা এই কাজ করেনি।” এই পুরো ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ।

