ছবি: ভগবানপুরে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে।
আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ মার্চ: ইভিএমে কারচুপি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগে প্রায় সাড়ে তিন ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রইল দক্ষিণ কাঁথি বিধানসভার মাজনার একটি বুথে। তাদের অভিযোগ, তৃণমূলকে ভোট দিলে তা বিজেপি প্রার্তীর প্রতীকে গিয়ে পড়ছে। অন্যদিকে, ভগবানপুরে বিজেপি কর্মী সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, জেহাদিরা ভোটদানে বাধা দিচ্ছে।

কাঁথি দক্ষিণ বিধানসভাকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার পরেই মাজনার ১৭২ নং বুথে তৃণমূলের পক্ষ থেকে ইভিএমে কারচুপি অভিযোগ তোলা হয়। তাদের অভিযোগ, ইভিএমে কারচুপি করা হয়েছে। তৃণমূল প্রার্থীকে ভোট দিলে সেই ভোট বিজেপি প্রার্থীর প্রতীকে পড়ছে। এই অভিযোগ তুলে বিক্ষোভের নেমে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা। বুথের প্রিসাইডিং অফিসার অবশ্য জানান ভোটারদের ভিভিপ্যাট দেখানো হচ্ছে। এখানে কোনও কারচুপি নেই। তা সত্ত্বেও তৃণমূল কর্মীদের বিক্ষোভ চলতেই থাকে। শেষ পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। অভিযোগ করা হয় নির্বাচন কমিশনে। পরে সেক্টর অফিসাররা সেখানে যান এবং তারা বেশকিছু পরীক্ষামূলক ভোট করেন। দেখা যায় ইভিএম ঠিকঠাক রয়েছে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ফের ভোট গ্রহণ শুরু হয়। তারা যে পরীক্ষামূলক ভোট দিয়েছিলেন সেগুলো বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে ভগবানপু ২৭৯ এবং ২৮০ নম্বর বুথে বিজেপি কর্মীদের সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। রাস্তাতেই লাঠিসোঁটা নিয়ে ভোটারদের আটকে দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূলের পাকিস্তানী জেহাদীরা ভোটদানে বাধা দিচ্ছে।

