বেনাপোলে ফের ট্রাক চালকদের মারধর করে কয়েক লক্ষ টাকা ছিনতাই, আহত ৬

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ ডিসেম্বর: বেনাপোলে ছিনতাইবাজদের হাতে আবার আক্রান্ত ভারতীয় ট্রাক চালকরা। মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশের বেনাপোলে আটজন চালককে ট্রাক থেকে নামিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে লক্ষাধিক টাকা ও কয়েকটি মোবাইল ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতিরা। আহত ছয়জন ট্রাক চালক।

অভিযোগ, এদিন গভীর রাতে বেনাপোলে আবারও আক্রান্ত হল কয়েকজন ভারতীয় ট্রাক চালক। ট্রাক চালকরা জানান, এদিন রাত সাড়ে ১১ টা নাগাদ একদল দুষ্কৃতী বেনাপোল পার্কিংয়ে ঢোকে। এরপর ট্রাক চালকদের ক্যাবিনের জালনা দিয়ে স্প্রে ব্যবহার করে চালকদের ঘুম পাড়ানোর চেষ্টা করে। কয়েক জন ট্রাক চালক বিষয়টি লক্ষ্য করে কেবিন থেকে নেমে প্রতিবাদ করতে গেলে, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ও ছুরি বের করে ট্রাক চালকদের মারধর করে। এরপর প্রায় ১০ জন ট্রাক চালককে ভয় দেখিয়ে কয়েক লক্ষ টাকা সহ পাঁচটি মোবাইল নিয়ে চম্পট দেয়। ঘটনার পর সাহায্য চাইতে বাংলাদেশ প্রশাসনের কাছে গেলে তারা কোনও সাহায্য পায়নি। বুধবার সকালে ভারতীয় ট্রাক চালকরা পেট্রাপোল মুখ্য ভবনে অভিযোগ জানায়। অতি দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছে তারা।

প্রসঙ্গত, কয়েকদিন আগে বাংলাদেশের বেনাপোলে পণ্য খালাস করতে গিয়ে দুষ্কৃতীদের ছুরিতে আক্রান্ত হয়েছিল ভারতীয় এক ট্রাক চালক। তাঁর কাছ থেকে জিনিসপত্র নিয়ে পালায় ওই ছিনতাইকারী। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পেট্রাপোল আইসিপি গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছিল ট্রাক চালকরা। বুধবার আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ভারতীয় ট্রাকচালকরা ক্ষুব্দ হয়ে ওঠে। ট্রান্সপোর্ট ইউনিয়ন কর্তা থেকে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় প্রশাসনিক কর্তাদের এই বিষয়ে ব্যবস্থা নেবার জন্য দাবি তুলেছেন। অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবে বলে দাবি করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *