সুশান্ত ঘোষ, বনগাঁ, ৩০ জুলাই: একটানা বৃষ্টিতে স্যাঁতসেঁতে দেওয়ালে বিদ্যুৎ সংযোগ। সেই সঙ্গে বাড়ির জামা কাপড় মেলার জিআই তারেও বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। আর তাতেই হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের বেঘরে প্রাণ গেলে বাড়ির ছাদে। শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ট’বাজার এলাকায়। মা-ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ বনগাঁ শহর। পুলিশ জানায়, মৃত ছেলে ঋষভ অধিকারী (২৮), তাঁর মা মিতা অধিকারী (৪৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঋষভ আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির ছাদে যান। সেই সময় কোনও ভাবে জামা কাপড় মেলার জিআই তারে হাত লেগে যায়। ছেলের চিৎকার শুনে ছুটে আসেন মা রীতাদেবী। ছেলেকে সরিয়ে আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও। গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। ঋষভের বাবা তপন অধিকারী জানিয়েছেন, কোনও কারণে বিদ্যুতের তার থেকে বাড়ির বিভিন্ন অংশ বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। ছেলে জি আই হাত দিতেই বিদ্যুৎপিষ্ট হয় তাকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও বিদ্যুৎপিষ্ট হন। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

