বালুরঘাটে সুকান্তর খাস তালুকে প্রথমবার পঞ্চায়েত জেতার স্বাদ বিজেপির, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে প্রধান নির্বাচন পদ্ম শিবিরের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ অগাস্ট: সুকান্তর খাস তালুকে প্রথমবার পঞ্চায়েত জেতার স্বাদ পেল বিজেপি। বৃহস্পতিবার বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান নির্বাচিত হতেই জয় শ্রীরাম ধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে পড়েন বিজেপির নেতা কর্মীরা। চলে গেরুয়া আবির মাখিয়ে ও লাড্ডু বিতরণ করে আনন্দ উচ্ছ্বাসও।

প্রশাসন সুত্রের খবর অনুযায়ী, ২২ আসন বিশিষ্ট ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে এবারের পঞ্চায়েত নির্বাচনে ১১টি করে আসন লাভ করে তৃণমূল ও বিজেপি। আর যে কারণেই কার্যত পাখির চোখ হয়ে দাঁড়ায় ওই পঞ্চায়েতটি। কার দখলে থাকবে বালুরঘাট ব্লকের ওই গ্রাম পঞ্চায়েতটি তা নিয়েই যেন জোর চর্চা শুরু হয়েছিল গোটা দক্ষিণ দিনাজপুরে। কেননা শহর লাগোয়া ওই গ্রাম পঞ্চায়েতটি একসময় কংগ্রেসের খাসতালুক হিসাবে চিহ্নিত থাকলেও পরবর্তীতে তা তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায়। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এদিন সকাল থেকে ওই পঞ্চায়েতের দখল নিয়েও শুরু হয় টানটান উত্তেজনা। যাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থারও আয়োজন করে বালুরঘাট থানার পুলিশ।

বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা বাড়ে ওই পঞ্চায়েতের বোর্ড গঠনেও। যদিও সবশেষে ওই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান দুটি পদেই জয়ী হয় বিজেপি প্রার্থীরা। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের খাস তালুক এই ভাটপাড়া পঞ্চায়েতেই শেষ পর্যন্ত তৃণমূলের একটি ভোট বাতিল হলে বিজেপি প্রার্থী এগারো -দশ ব্যবধানে প্রধান পদ জয় লাভ করে। অন্যদিকে উপপ্রধান পদে টসের মাধ্যমেও বিজেপি ওই পদ দখল করে। আর যাকে কেন্দ্র করে উচ্ছ্বাসে ফেটে পড়ে বিজেপির নেতা কর্মীরা। গেরুয়া আবির মেখে ও লাড্ডু খাইয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন বিজেপির নেতা কর্মীরা।

বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও সুশান্ত প্রামাণিক বলেন, এদিন পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূলের একটি ভোট বাতিল হলে প্রধান গঠন করে বিজেপি। অন্যদিকে টসে জিতে উপপ্রধানের চেয়ারও দখল রাখতে সক্ষম হয়েছে বিজেপি।

ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত উপপ্রধান শিবু সরকার বলেন, তৃণমূল পঞ্চায়েত সদস্য রেখা দাসের ভোট বাতিল হওয়ায় তাদের বোর্ড গঠন সহজ হয়ে যায়। অন্যদিকে টসে জিতে তিনি নিজেই উপপ্রধান হয়েছেন।

ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান নীলিমা বর্মন বলেন, মানুষের রায়ে জয়ী হয়ে এদিন তিনি প্রধান হয়েছেন। মানুষের জন্য কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *