আমাদের ভারত, হাওড়া- এলাকায় অশান্তি পাকানোর আগেই পুলিশের জালে ধরা পড়ল বাগনানের কুখ্যাত দুস্কৃতী সেখ আজাদ ওরফে অন্তু। বুধবার রাতে বাগনানের খাদিনান ব্রীজের কাছ থেকে বাগনান থানার পুলিশ আজাদকে গ্রেফতার করে। পুলিশের দাবি ধৃতের কাছ থেকে একটি ওয়ানশাটার, এক রাউন্ড কার্তুজ ও বেশকিছু তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে খবর বুধবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে খাদিনান ব্রীজের কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছে ৩ দুস্কৃতী। এরপরেই বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুস্কৃতীরা পালানোর চেষ্টা করে। দুই দুস্কৃতী পালিয়ে গেলেও আজাদকে পুলিশ ধরে ফেলে। পুলিশের প্রাথমিক অনুমান বড়সড় ঝামেলা পাকানোর জন্য দুস্কৃতীরা জড়ো হয়েছিল। পুলিশের দাবি আজাদের নামে একাধিক অভিযোগ আছে। পলাতক বাকি দুই দুস্কৃতীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

