সাথী দাস, পুরুলিয়া, ৮ আগস্ট: তৃণমূল কংগ্রেসে যোগদানের ৩ দিনের মাথায় নিজেদের সমাজের আন্দোলনের ছাতার তলায় ফিরলেন কুড়মি জয়ী প্রার্থী। ঘটনা বাঘমুণ্ডি ব্লকের সুইসা-তুনতুরী গ্রাম পঞ্চায়েতের। আটনা সংসদের জয়ী নির্দল প্রার্থী জয়প্রকাশ মাহাতো গত শনিবার বিধায়ক সুশান্ত মাহাতোর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই খবর প্রকাশ হতেই শোরগোল শুরু হয় এই পঞ্চায়েত এলাকায়।
পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২১টি, তারমধ্যে তৃণমূল কংগ্রেস ১১, বিজেপি ৫, নির্দল ২(আদিবাসী কুড়মি সমাজ), কংগ্রেস ১, সিপিআইএম ২ টি আসনে জয়ী হয়। গত শনিবার নির্দল প্রার্থীদের মধ্যে ১ জন জয়প্রকাশ মাহাতো তৃণমূলে যোগদান করে। আজ সেই নির্দল জয়ী প্রার্থী নিজের সমাজের আন্দোলনে ফিরে আসেন। ফলে শাসক দলের খানিকটা ভাবমূর্তি ক্ষুণ্ন হলো বলা যায়। যদিও জয়প্রকাশ মাহাতো বলেন, নিজে ভুল বুঝে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম। কেউ কোনো চাপ দেয়নি। আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে শাসক দল চাপ দিয়ে দলে যোগদান করানোর অভিযোগ করেন।
পাশাপাশি জয়ী সমাজের প্রার্থীদের বলেন, আপনাদের সমাজের লোক ভোট দিয়েছে, সমাজের উন্নতি করার জন্য, রাস্তার টাকা খাওয়ার জন্য আপনাদেরকে জয়ী করেনি। বোর্ড গঠনের জন্য সমর্থনের প্রয়োজন হলে সমর্থন করা যেতে পারে। কিন্তু দলের পতাকা ধরিয়ে যোগদান করানোটা সমর্থন করেন না।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, কোনো জয়ী প্রার্থীকে চাপ দিয়ে যোগদান করানো হচ্ছে না। নিজেদের ইচ্ছায় তাঁরা আমাদের দলে যোগদান করছেন। আদিবাসী কুড়মি সমাজের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

