আমাদের ভারত, বনগাঁ, ৮ জুন:
উত্তর ২৪ পরগনা বাগদা থানার ভবানীপুরে গ্রামে দুই বাংলাদেশি মহিলাকে ধরে ফেলল গ্রামবাসী। ওই দুই মহিলাকে আটকে রেখে পরে তারা পুলিশের হাতে তুলে দেয়। তাদের সঙ্গে দুটি শিশু রয়েছে।
জানাগেছে, মঙ্গলবার সকালে অপরিচিত এক মহিলা সঙ্গে তার দুই মেয়ে এবং এক যুবতী এলাকায় ঘোরাঘুরি করছিল। তাদের দেখে গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। দুই মহিলা গ্রামবাসীদের জানায়, দালাল মারফত বাংলাদেশ থেকে ভারতে চোরাপথে এসেছে তারা। তাদের নাম মায়া আক্তার ও আসমা খাতুন। মায়া আক্তার জানায় সে চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। আসমা খাতুন আত্মীয়র বাড়িতে এসেছে। আসমা খাতুন তার দুই মেয়েকে নিয়ে এসেছে। রাতের অন্ধকারে চোরাপথে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল বলে জানায়।

মায়া আক্তার জানায়, দালালকে ১০ হাজার টাকা দিয়ে সে ভারতে এসেছে। রাতে রাত তিনটের সময় তাকে ভারতের সীমানা দিয়ে ভেতর ঢুকিয়ে দেয়। এরপর তাঁরা একটি স্কুলের পিছন দিক দিয়ে গ্রামে প্রবেশ করে।

