আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২০ মার্চ:
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া বিধানসভার তৃণমূল প্রার্থী কাজী আবদুর রহিম ওরফে দিলুকে বদল করার দাবিতে বসিরহাট–বনগাঁ রোড অবরোধ করল তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। বাদুড়িয়ার হায়দারপুর করাতকল মোড়ে তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা ফেস্টুন, ব্যানার, তৃণমূলের দলীয় পতাকা নিয়ে রাস্তার উপরে বসে অবরোধ শুরু করেন। কেরোসিন তেল দিয়ে গাড়ির টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন বাদুড়িয়ার তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তৃণমূল প্রধানও এই অবরোধে শামিল হন।

চন্ডিপুর ও বাগজোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী খাতুন ও জামিররুল মণ্ডল নেতৃত্বে রাস্তা অবরোধ হয়। অবিলম্বে প্রার্থী আব্দুল রহিমকে বদল করতে হবে, না হলে তাদের এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে, জানিয়েছেন চন্ডিপুরের পঞ্চায়েত প্রধান সোনালী খাতুন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না মানুষের কাছে কিভাবে ভোট চাইতে যাব? যার কারণে বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। অবিলম্বে প্রার্থী বদল করতে হবে, না হলে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রার্থী যতক্ষণ বদল না হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে।
প্রসঙ্গত উল্লেখ্য বাদুরিয়ার বিধায়ক আব্দুল রহিম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ছিলেন, এবার তৃণমূল তাঁকেই টিকিট দিয়েছে। তাতেই ক্ষিপ্ত তৃণমূল কর্মীরা।

