বাদুড়িয়ায় প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের ক্ষোভ চরমে, তৃণমূলের কার্যালয় ভাঙ্গচুর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৭ মার্চ: প্রার্থী পছন্দ না হওয়ায় বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মাটিয়া ও কচুয়াতে দলীয় কার্যালয় ভাঙ্গচুর। অন্যদিকে টাকিরোড অবরোধ করল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এটিএম আব্দুল্লাহ রনী প্রার্থী না হওয়ায় তৃণমূলের এক অংশের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে এমনটা সূত্রে খবর।

শুধু বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র নয়, এবার প্রার্থী পছন্দ না হওয়ায় বাদুরিয়া বিধানসভা কেন্দ্র এলাকাতেও শুরু হল তৃণমূল কর্মীদের বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

বাদুড়িয়া বিধানসভার প্রার্থী ঘোষণা হওয়ার পর বাদুড়িয়ার তৃণমূল নেতাকর্মীরা দফায় দফায় রাস্তা অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

তাদের বক্তব্য, অবিলম্বে দালাল প্রার্থী প্রত্যাহার করতে হবে। কিছুদিন আগে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছেন বাদুড়িয়া বিধানসভার কংগ্রেসের বিদায়ী বিধায়ক আব্দুর রহিম দিলু, তাকে টিকিট দিয়েছে তৃণমূল, তা নিয়েই বাদুরিয়া বিধানসভা এলাকার তৃণমূল প্রার্থীদের মধ্যে দানা বেঁধেছে ক্ষোভের। তাদের বক্তব্য, আমরা দলবদলু দিলুকে মানছি না মানবো না, দীলু সাহেব বাদে অন্য কেউ প্রার্থী হোক আমরা মেনে নেব, কিন্তু এই প্রার্থীকে আমরা মানছি না মানবো না।

এই নিয়ে বাদুড়িয়া ব্লক এ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতাকর্মীরা। কাল সন্ধ্যা থেকে চলছে তৃণমূল কর্মীদের বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *