জে মাহাতো, ঝাড়গ্রাম, ১৯ আগস্ট:
পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে বর্তমানে হারিয়ে যেতে বসা ঝুলন যাত্রার পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছে খুদে পড়ুয়ারা। বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের বামদা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে সেরকমই দৃশ্য দেখা গেছে। স্কুল বন্ধ থাকায় এখন খুদে পড়ুয়াদের অবসর সময় অনেক বেশি। তারই মাঝে পাঁচ খুদে পড়ুয়া মিলে তৈরি করেছে ঝুলনের চিত্র।
ইট, বালি, কাগজ দিয়ে যেমন দুয়ারে সরকারের ক্যাম্প ও লকডাউনের শুনশান বাজারের ছবি মডেল হিসেবে তুলে ধরেছে তেমনি রাস্তা দিয়ে যাতায়াতের জন্য খেলনা গাড়ি ও অ্যাম্বুলেন্স গাড়ির পাশাপাশি মানুষের অবয়ব তৈরি করেছে পুতুলের সাহায্যে। সেখানে তাদের চিন্তা ভাবনায় স্থান পেয়েছে রাজ্য সরকারের প্রকল্প দুয়ারে সরকার।

পাশাপাশি পাহাড়, নদী, সাঁকো, বাজার প্রভৃতি তুলে ধরা হয়েছে মডেলে। বাড়ির উঠোনে এইসব মডেল তৈরি করে উপস্থাপনা করেছে ঝাড়গ্রাম শহরের রানি বিনোদমঞ্জরী রাষ্ট্রীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শ্রেয়া পাল, ঝাড়গ্রাম শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শ্রীময়ী পাল, বামদার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র অজিতেশ সরকার, অনিকেত সরকার, অদ্রিজা দত্তরা।

চতুর্থ শ্রেণির শ্রেয়া পাল বলে, ‘ঝুলনের মধ্য দিয়ে দুয়ারে সরকার তৈরি করেছি। এখানে মানুষজন এসে নানা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন তা দেখিয়েছি। টিভি ও পেপারে যে ছবিগুলি দেখেছি তাই এখানে তৈরি করেছি।’ অজিতেশ সরকার বলে, ‘গত বছর প্রথমবার শুরু করেছিলাম ঝুলন। এবারে দুই বছর হল। পাঁচজন মিলে আমরা ঝুলন বানিয়েছি।’

