রাজেন রায়, কলকাতা, ২ আগস্ট: বিধানসভা ভোটের পরেই সর্বভারতীয় ক্ষেত্রে ধীরে ধীরে পা রাখবে তৃণমূল, তা স্পষ্ট হয়ে গিয়েছিল। সোমবার প্রবল বিক্ষোভের মধ্যেও ত্রিপুরাতে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা পাবার দেড় বছরের মধ্যে তৃণমূল আসল উন্নয়ন করবে, এদিন ত্রিপুরার প্রথম সাংবাদিক বৈঠকে তা বলেন তিনি।
ত্রিপুরায় পৌঁছতে তাকে নানাভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। রীতিমত কনভয় আটকে বিক্ষোভ চলে। এদিকে তাঁর গাড়ির ওপর হামলা করা হয়। এই নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলনে এই ঘটনায় তীব্র নিন্দা করলেন তিনি। এদিন তিনি বলেন, “ধমকে চমকে কিছু হবে না। এসব তৃণমূলকে আরও বেশি করে তাতাবে। ত্রিপুরায় এখন থেকেই খেলা শুরু হবে।”
এদিন তিনি জানান, “আগামী দেড় বছরের মধ্যে ত্রিপুরায় উন্নয়নের সরকার গড়বে এই তৃণমূল”। এই কথার মধ্যেই তিনি কিন্তু একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে মারলেন বিজেপিকে। এখনই তাই দেখার ২০২৩ -এর মিশন ত্রিপুরা কতটা সফল ভাবে পার করতে পারে তৃণমূল।

