সুকন্যা চ্যাটার্জি, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ মে: আজকের দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-কে স্মরণ করা হয় একটু বিশেষ ভাবেই। বৈশাখ মাস এলেই মানুষ বেশি করে ডুবে থাকে রবীন্দ্রভাবনায়, চেতনায়, জীবনে চলার প্রতিটি ক্ষেত্রে; ওঠাপড়ায়, সুখ-দুঃখে তাঁর লেখনী, তাঁর ভাবনা – আমাদের পাথেয়। আজ সেই দিন, ‘হে নূতন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ।’
প্রতিবারের মত এবারও তাঁর জন্মদিন মহাসমারোহে, ধুমধাম করে রাজ্যজুড়ে পালিত হচ্ছে। আজ সারাদিন তাঁর কবিতা, গান-নাচে কবি প্রণামের অনুষ্ঠান চলছে। বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম বেলাকুঁড়িতে-ও ‘দেশের মাটি কল্যাণ মন্দির’ এর তরফে কবিগুরুর জন্মদিবস উদযাপিত হয়। বেলাকুঁড়ি প্রাথমিক বিদ্যালয়ের জনা চল্লিশ বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। এবছর স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাওয়ায়, রবীন্দ্রজয়ন্তী পালন হবে না বলে মনখারাপ ছিল স্কুলপড়ুয়াদের। দেশের মটির এই উদ্যোগে ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবক এবং অন্যান্য বিশিষ্ট মানুষজন খুব খুশি হন।

উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে কবিগুরু সম্পর্কে বক্তব্য রাখেন দেশের মাটি কল্যাণ মন্দিরের সক্রিয় সদস্য অসীমলাল মুখার্জি। তিনি ছাত্রছাত্রীদের সামনে গুরুদেবের পরিবেশ ভাবনা, তপোবন কেন্দ্রিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করান। ছাত্রছাত্রীদের মধ্যে থেকে আবৃত্তি পাঠ করে মানসী বাউরী, রাহুল বাউরী, প্রদীপ বাউরী, ধনঞ্জয় বাউরী। এরপর ছাত্রছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় দেশের মাটির তরফ থেকে।

