আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ অক্টোবর: পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হল আজ। মহালয়ার পূর্ণলগ্নে পূর্ব পুরুষের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করা হয় গঙ্গার তীরবর্তী ঘাটে। ঠিক সেই সময়ই বেলঘড়িয়াতে মানসবাগ সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো প্রাঙ্গণে এক অভিনব রূপে দেখা গেল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। ইতিমধ্যেই তাকে আগমনীর গান গাইতেও দেখা গেছে টিভি ও সোশ্যাল মিডিয়াতে। আর সেই গান গেয়ে যথেষ্টই আলোচিত হয়েছেন মদন মিত্র।

এবার চন্ডীপাঠ করলেন স্থানীয় বিধায়ক মদন মিত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চন্ডীপাঠ করলেন মদন মিত্র। শ্রদ্ধা ও ভক্তি সহকারে চণ্ডীপাঠ শ্রবণ করলেন উপস্থিত সাধারণ মানুষ। চন্ডীপাঠ শেষে মদন মিত্র জানালেন, মা দুর্গা যেন পৃথিবীর মঙ্গল করুন সমস্ত পাপের বিনাশ করে পৃথিবীকে শান্ত করুন। এই প্রার্থনা করলেন মদন মিত্র। পাশাপাশি তিনি কটাক্ষ করতেও ছাড়লেন না নরেন্দ্র মোদীকে।
এদিন বিধায়ক মদন মিত্র বলেন, “মা দুর্গাকে পুজো নিতে কত কষ্ট করে আস্তে হয়। চার্টার্ড ও নেই তার, নরেন্দ্র মোদী অমিত শাহ সব নিয়ে নিয়েছে।
ঈশ্বর যে রূপে দেখতে চান আমি সেই রূপে আসি, আজ এই রূপে কাল অন্য রূপে আসবো। আমাদের ধর্মে গীতা সত্য আমরা সব নিমিত্ত মাত্র”।

