জঙ্গলমহলে মাওবাদী বনধের প্রভাব 

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ নভেম্বর: শনিবার মাওবাদীদের ডাকা ভারত বনধে ঝাড়গ্রাম জেলা সহ জঙ্গলমহলের বিভিন্ন অংশে মোটামুটি প্রভাব পড়েছে। লালগড়, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, বিনপুর প্রভৃতি এলাকার বাজার, দোকানপাট, যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল ছ’টা থেকে শুরু হওয়া বনধে সন্ধে পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। শান্তিপূর্ণ ভাবেই মাওবাদীদের বনধ পালিত হচ্ছে। 

উল্লেখ্য, গত সপ্তাহে ঝাড়খন্ডে মাওবাদীদের শীর্ষ নেতা ও সংগঠনের পলিটব্যুরো সদস্য “কিষানদা” ওরফে প্রশান্ত বসু ও তার স্ত্রী পুলিশের জালে ধরা পড়েন। কিষানদাকে গ্রেপ্তারের প্রতিবাদে সিপিআই (মাওবাদী)-র পক্ষ থেকে দলের পূর্বাঞ্চলীয় মুখপাত্র সংকেত এক প্রেস বিবৃতি প্রকাশ করে গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশজুড়ে পাঁচদিনের “প্রতিরোধ দিবস” পালনের এবং আজ শনিবার চব্বিশ ঘন্টার “ভারত বনধে”র ডাক দিয়েছিল। বনধে জঙ্গলমহলের বিনপুর, বেলপাহাড়ি, লালগড়, জামবনি, নয়াগ্রাম থানা এলাকাতে বনধের প্রভাব লক্ষ্য করা গেছে। 

মাওবাদী শীর্ষ নেতা প্রশান্তদা গ্রেফতার হওয়ার পর কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে কয়েকদিন আগে থেকেই “হাই এলার্ট” জারি করে নজরদারি বাড়ানোর পাশাপাশি ‘চেকিং পয়েন্ট’ বানিয়ে যানবাহন চলাচলেও নজরদারি কড়াকড়ি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *