দত্তপুকুরে বেআইনি জলের কারখানার হদিস

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১১ জুলাই: পাইপের মাধ্যমে মাটির তলা থেকে জল তুলে বোতলে ভরা হচ্ছে। এরপর বোতলের গায়ে লোগো লাগিয়ে পরিশুদ্ধ পানীয় জল হিসেবে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বাজারে পৌঁছে দেওয়া হচ্ছে। দোকানে তা রমরমিয়ে বিক্রিও হয়।এমনই একটি বেআইনি জলের কারখানার হদিস পেল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।

শনিবার সন্ধ্যেয় উত্তর ২৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট ডিপারমেন্টের একটি দল ও দত্তপুকুর থানার পুলিশ যৌথ ভাবে উত্তর ২৪ পরগনার বারাসাতের দত্তপুকুর থানার পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হানা দেয়। সেখানে তখন বোতলে পানীয় জল ভরা হচ্ছিল। পুলিশ প্রচুর পানীয় জলের বোতল আটক করেছে। গ্রেফতার করা হয়েছে ওই সংস্থার মালিক কৃষ্ণপদ মন্ডলকে। কারখানাটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ওই জল জীবাণু মুক্ত কি না তাও পরীক্ষা করা হয় না ওই কারখানায় বলে পুলিশ জানায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ লিটার, ৫০০ মিলি লিটার ও ২ লিটার বোতলে জল বিক্রি করা হয়। ১ লিটার জল বাজারে বিক্রি হয় ২০ টাকায়।

তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, নথিপত্রে ওই সংস্থার ম্যানুফাকচারিং ইউনিট হিসাবে মধ্যমগ্রামের একটি কারখানার কথা বলা হয়েছে। কিন্তু সেখানে তাদের কোনও ইউনিটের খোঁজ মেলেনি। জেলা পুলিশ জানিয়েছে, “ওই জল পরীক্ষার জন্য একজন কেমিস্ট রাখা বাধ্যতামূলক। তিনিই জল পরীক্ষা করে শংসাপত্র দেবেন। ওই কারখানায় তা নেই।” শুধু তাই নয়, ওই কারখানায় একজন নকল কেমিস্ট রাখা হয়েছিল। তার খোঁজ চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ২০১৬ সাল থেকে কারখানাটি চালু করা হয়। এলাকার কিছু লোক ওই কারখানায় কাজ করতেন। কিন্তু কারখানাটি যে বেআইনি তা বোঝা যায়নি। এ ভাবে পানীয় জল নিয়ে যারা প্রতারণা করে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত বলে দাবি স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *