সেচ খাল বুজিয়ে অবৈধ নির্মাণ, জল না পাওয়ায় চাষীদের পথ অবরোধ খানাকুলে

আমাদের ভারত, আরামবাগ, ২৭ জানুয়ারি: রাস্তায় দু’দিকের খাল বুঝিয়ে অবৈধ নির্মাণ চলছে। এর ফলে চাষীদের সেচের জলের অসুবিধা হচ্ছে। এমনটাই অভিযোগ খানাকুলর বিভিন্ন এলাকার চাষী মহলের। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন চাষীরা।

খানাকুল রাজহাটি এলাকার চাষীদের দাবি, প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও কোনো কাজ হয়নি। বেশ কয়েক দিন ধরেই আলু, সরষে, পেঁয়াজ ও সবজি চাষের ক্ষতি হচ্ছে। তাই খানাকুলের সমস্ত চাষী মিলে বৃহস্পতিবার আরামবাগ–গড়েরঘাট রোডের রাজহাটি এলাকায় তারা বিক্ষোভ ও পথ অবরোধ করে ঘন্টাখানেক ধরে।

চাষীদের এই দাবিতে সমর্থন করে বিক্ষোভ ও পথ অবরোধের সামিল হন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি বলেন, মায়াপুর–গড়েরঘাট যে রাস্তাটা রয়েছে, এই সরকারি রাস্তার উপরে অবৈধভাবে নির্মাণ হচ্ছে। রাস্তার দু’পাশে যে বড় বড় খাল রয়েছে সেগুলো থেকে হাজার হাজার চাষী উপকৃত হয়। খাল থেকে মেশিনে করে সেচ করে ফসল ফলায়। কিন্তু অবৈধভাবে নির্মাণের জন্য সেই খালগুলো এখন বন্ধ হয়ে গেছে। এলাকার তৃণমূলের লোকজন ঘরে ঘরে গিয়ে চাষীদেরকে হুমকি দিয়েছে যে তোমরা এখানে নির্মাণ বন্ধ করতে এসেছো? জানো আমরা তোমাদের কি করতে পারি? চাষীরা বলেন, আমরা বিডিওকে জানিয়েছি এসডিওকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি জানিয়েও কোনো কাজ হয়নি তাই আজকে রাস্তায় নেমেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *