প্রয়াগরাজে বেআইনিভাবে গজিয়ে ওঠা মসজিদ মাজার সহ একাধিক ধর্মীয় স্থান গুঁড়িয়ে দেওয়া হলো

আমাদের ভারত, ৯ অক্টোবর: এলাহাবাদ হাইকোর্টের রায় অনুযায়ী প্রয়াগরাজে আজাদ পার্কে বেআইনিভাবে গজিয়ে ওঠা মসজিদ, মাজার, কবর সহ একাধিক ধর্মীয় স্থান ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়ে গেছে। আদালতে নির্দেশে জেলা প্রশাসনের তরফে এই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এরপর সেই সব জায়গায় গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।

প্রয়াগরাজে অমর শহীদ চন্দ্র শেখর আজাদ পার্কের ভিতরে তৈরি মসজিদ, মাজার, ১৪ টি কবর, ৩টি মন্দির সহ তিন ডজন ধর্মীয় স্থান ভেঙ্গে ফেলছে জেলা প্রশাসন। এগুলো সবকটি অবৈধ নির্মাণ ছিল। জানা গেছে, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের পর আজাদ পার্কের ভেতরে তৈরি সমস্ত বেআইনি নির্মান ভেঙ্গে ফেলা হয়েছে। এই বৈআইনী নির্মাণ সরিয়ে সেখানে গাছ লাগানো হয়েছে।

এলাহাবাদ হাইকোর্ট বলেছিল, প্রয়াগরাজে চন্দ্রশেখর আজাদ পার্কের ১৯৭৫ সালের পরে যে সমস্ত অবৈধ নির্মাণ হয়েছে তা সম্পূর্ণরূপে সরিয়ে ফেলতে হবে। জিতেন্দ্র সিং নামে এক ব্যক্তি আজাদ পার্ক থেকে এই অবৈধভাবে নির্মিত ধর্মীয় স্থানগুলিকে সরিয়ে ফেলার আবেদন জানিয়ে মামলা করেছিলেন। এই মামলার শুনানির সময় আদালত সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, রাজ্য সরকার সহ সমস্ত বাদীপক্ষকে নোটিশ পাঠিয়েছিল।

এলাহাবাদ হাইকোর্ট রায় দিতে গিয়ে প্রশ্ন তোলে, এর আগে ১৯৮৭ সালে এই ধরনের অবৈধ নির্মাণ নিয়ে একটি নির্দেশ জারি করেছিল আদালত। কিন্তু সেই নির্দেশ কেন লাগু করা হয়নি? এবার প্রশাসনকে ১৯৭৫ সালের পরে তৈরি হওয়া সমস্ত অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *