সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ ডিসেম্বর: প্রত্যন্ত গ্রামের মধ্যে অবাদে চলছে গাঁজার চাষ। খবর পেয়ে পুলিশ-প্রশাসনের যৌথ উদ্যোগে এলাকায় গিয়ে সেই গাঁজা গাছ কেটে দেওয়া হয়। যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযুক্ত চাষিদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপাল নগর থানার এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার ওসি, সিআই গাইঘাটা ও বনগা্র বিডিও নেতৃত্ব গোপালনগর থানার অম্বরপুর মেদের মাঠ ও মুল্লাহাটি এলাকায় তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ কাটলো পুলিশ। পুলিশ জানিয়েছে এর বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে এই গাছের চাষ হয় এই এলাকায়৷ তবে কে বা কারা চাষ করছে গাঁজা গাছ সেই প্রশ্নে স্থানীয়দের বক্তব্য, যাদের বাহু বল আছে তারা চাষ করে। কারবারের বিরুদ্ধে বিশেষ ট্যাঁ-ফুঁ করার সাহস দেখাননি গ্রামের শান্তিপ্রিয় মানুষজন।

সিআই গাইঘাটা বলেন, কয়ক লক্ষ টাকার গাঁজা গাছ কাটা হয়েছে। কারা এই এলাকায় এই গাছের চাষ করছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আর কেউ যাতে এই বেআইনি কাজে না জরায় সে জন্য পুলিশ হুঁশিয়ার করেছে সকলকে। গ্রামবাসীদের হুমকি দিলে সঙ্গে সঙ্গে যেন পুলিশকে জানানো হয়, তা-ও বলা হয়েছে।

