জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুন: করোনা মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে, আইআইটি খড়্গপুরের টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসের উপর নির্ভরশীল পরিচারিকা, নিরাপত্তা কর্মী থেকে শুরু করে সবজি ও মাছ ব্যবসায়ী, ক্যান্টিন কর্মী, প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নিম্ন আয়ের বহিরাগতদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন এই প্রতিষ্ঠানের শিক্ষক সংগঠন। আইআইটি খড়্গপুরের প্রায় ৭০০ অধ্যাপক অধ্যাপিকা মিলিতভাবে ক্যাম্পাসের প্রায় ২৫০০ জনের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছেন। এর মধ্যে প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল প্রায় ৩০০ জনের সম্পূর্ণ বিনামূল্যে টিকাকরণের দায়িত্ব নিয়েছেন এখানের শিক্ষক সংগঠন। এজন্য, সমস্ত খরচ মূলত শিক্ষক সংগঠন ব্যায় করতে চলেছেন। আইআইটি জিমখানা’তে এই ভ্যাকসিনেশন কর্মসূচি শুক্রবার থেকে শুরু হয়েছে। দৈনিক প্রায় ৭০০ জনের টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে।
আইআইটি খড়্গপুরের অধ্যাপক-অধ্যাপিকাদের সংগঠন “আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে, অধ্যাপক ইন্দ্রজিৎ দুবে জানিয়েছেন, ক্যাম্পাসের সঙ্গে জড়িত যাঁরা এখনও ভ্যাকসিন পাননি, তাঁদের সকলের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে। অধ্যাপক অধ্যাপিকা, রিসার্চ স্কলার থেকে আইআইটির ভেতরে থাকা রিক্সা চালক, ব্যবসায়ী সকলকেই এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে। অধ্যাপক অধ্যাপিকারা মনে করেছেন, ক্যাম্পাসের সকলের টিকাকরণ হয়ে গেলে ক্যাম্পাসে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে। ক্যাম্পাসের সঙ্গে জড়িত অনেকেরই ভ্যাকসিন কেনার সামর্থ্য নেই, তাই তাদের বিনামূল্যে টিকাকরণের জন্য এই উদ্যোগ।
সুবৃহৎ এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে করোনা মুক্ত আইআইটি ক্যাম্পাস গড়ে তুলে, এর আকর্ষণীয় ও মনোগ্রাহী পরিবেশের সৌন্দর্য রক্ষা করা সম্ভব হবে বলে তাঁদের অভিমত।

