স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ জুলাই: তৃণমূলের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরীর হুঙ্কারই কার্যত সার! তার নেতৃত্বকে অবজ্ঞা করেই তার ঘোষিত নির্দল প্রার্থীরা যোগ দিলেন তৃণমূলে। ভোটের আগে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে।
সোমবার ইসলামপুর ব্লকের আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েতের ১ জন ও মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ৩ জন নির্দল প্রার্থী তৃণমূলে যোগদান করেন। মোট ৪ জন নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বেশকিছুদিন ধরে তৃণমূলের সভা ও মিছিল থেকে দলীয় নেতৃত্ব নির্দলদের দলে ফিরে আসার আহ্বান
জানিয়েছিলেন। তাদের বলা হয়েছিল নির্বাচনের আগে তৃণমূলে ফিরে না আসলে তাদের আর দলে নেওয়া হবে না। এমন কড়া হুঁশিয়ারির পর কার্যত ফাঁপড়ে পড়েন তারা। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। নির্বাচনের পর তাদের অস্তিত্বরই বা কী হবে তা নিয়ে ভেবে কুল-কিনারা পাচ্ছিলেন তারা। অবশেষে নির্বাচনের আগেই তৃণমূলে যোগদান করলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সমর্থিত নির্দল প্রার্থীরা।
এদিন যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন। যোগদানকারীরা জানিয়েছেন, দলের কিছু ভুল বোঝাবুঝির জন্য তারা নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। সেজন্য নির্বাচনের আগে দলের সুবিধা করে দিতেই তৃণমূল কংগ্রেসে ফিরলেন তারা। নির্বাচনে তৃণমূলের হয়েই কাজ করবেন বলে যোগদানকারীরা জানিয়েছেন। যদিও এ বিষয়ে আব্দুল করিম চৌধুরীর কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি।

