স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির ইটাহার বিধানসভার প্রার্থী অমিত কুমার কুন্ডুর সমর্থনে বিশাল জনসভার আয়োজন করা হয় ইটাহারে। সোমবার ইটাহার উচ্চ বিদ্যালয়ের মাঠে এদিনের জন সভায় প্রধান বক্তা হিসেবে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ছিলেন প্রার্থী অমিত কুমার কুন্ডু, ইটাহারের বিধায়ক অমল আচার্য, বিজেপির জেলা সহ সভাপতি নিমাই সিং, বিজেপি নেতৃত্ব শ্যামল চৌধুরী, সুমন আচার্য, দিলীপ ঋষি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন দুপুর নাগাদ হেলিকপ্টার করে এসে গোটলু হোম গার্ড ট্রেনিং সেন্টারে নেমে সোজা হাইস্কুল মাঠে জনসভায় মঞ্চে রাজনাথ সিং উঠতেই জনসভায় আসা কয়েক হাজার কর্মী সমর্থক আনন্দে উল্লসিত হয়ে পড়েন। রাজনাথ সিং বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতাচারিতার কথা তুলে ধরে বলেন, বাংলার মানুষকে ১০ বছর বোকা বানিয়েছে দিদি, কোনও চাকরি নেই শুধু কাটমানি, তাই কাটমানির সরকার পরিবর্তন করতে বিজেপিকে ভোট দিন, তবেই বাংলায় আসল পরিবর্তন হবে ও কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক কাজ আরও হবে। তাই তৃণমূলের ভাওতাবাজি কথা ভুলে বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডুকে ভোট দিন। কেন না আমরাই বাংলায় ক্ষমতায় আসছি দুশোর বেশির আসন নিয়ে।

