কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: কিছু পুলিশ অফিসারের উর্দি খুললে আন্ডারপ্যান্টে দেখা যাবে তৃণমূলের ছাপ। এভাবেই রাজ্যের পুলিশ প্রশাসনকে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, এবারে খেলা হবে। তিনবার পার পেয়ে গেছে, তবে এবারে ফাউল করলে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেওয়া হবে। শুক্রবার নলগেড়িয়া থেকে কুটিঘাট পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পদযাত্রায় অংশ নিয়ে এই কথাগুলি বলেন মহম্মদ সেলিম।
তিনি বলেন, রোদে গরমে ঘামের মধ্যে আমাদের মিছিল করতে কোনো অসুবিধা হয়নি, কারণ শ্রমজীবী মেহনতি মানুষরা সারা বছরই ঘাম ঝরায়। তৃণমূল ভেবেছিল নমিনেশন করতে দেবে না, আমরা চাই ঘাম ঝরুক রক্ত যেন না ঝরে। ভোটের দিন ঝড় হোক, বৃষ্টি হোক, পুলিশ থাকুক আর যাই হোক সকাল সকলে গিয়ে নিজের অধিকার প্রয়োগ করুন।

তিনি পুলিশকে নিজের উর্দির সম্মান রাখার কথা বলেন।
মহম্মদ সেলিম বলেন, জ্যোতি বসু বলেছিলেন, গ্রামে গ্রামে নিজের সরকার হবে, মানুষের সরকার হবে।
সেটাকে নকল করে এরা বলছে দুয়ারে সরকার।
বন্যার ত্রানের টাকা, আমফানের টাকা, মিড ডে মিলের টাকা, আইসিডিএসের টাকা, আবাস যোজনার টাকা সবকিছু এরা চুরি করেছে। তাই চোর মুক্ত মানুষের পঞ্চায়েত গড়তে হবে।
তিনি বলেন, হ্যাঁ খেলা হবে, তবে খেলার নিয়ম কানুন মানতে হবে, আর সেই লাল কার্ড, লাল টুপি, লাল গেঞ্জি পরে আমাদের বাহিনী প্রস্তুত। আমাদের খেলোয়াড়রা এখন মাঠে আছে, আর তৃণমূল এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই।

