তৃণমূলের তাবেদারি! ভুল থেকে না শিখলে, এখন পায়ে হাতে লাগছে এরপর বুকে গুলি লাগবে পুলিশের: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২২ নভেম্বর: বসিরহাটে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ কনস্টেবল। মঙ্গলবার সকাল থেকে এই ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। পুলিশের উপর গুলি চালানো হল কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যে সব বিরোধী দলই। আর এই পরিস্থিতি থেকে পুলিশের শিক্ষা নেওয়া উচিত বলেই মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একদিকে রাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন তুলেছে বিরোধীরা তেমনি পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তারা। পুলিশকে শাসক দলের দলদাস হয়ে কাজ করার অভিযোগে বিদ্ধ করেছেন তারা। গুলিবিদ্ধ হওয়ার পর সুকান্ত মজুমদারের দাবি, এখনো শিক্ষা না নিলে এবার বুকে গুলি লাগবে পুলিশের।

বসিরহাটে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব থামাতে গিয়ে গুলিবদ্ধ হতে হয়েছে পুলিশ কর্মীকে। কনস্টেবল প্রভাত সরকারের ঘাড়ে গুলি লাগে সোমবার রাতে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হতে গিয়ে সুকান্ত বলেন, পুলিশ তৃণমূলের তাবেদারি করতে গিয়ে এখন গুলি খাচ্ছে। এখন পায়ে হাতে লাগছে এরপর হয়ত বুকে গুলি লাগবে। যদি পুলিশ তাদের ভুল থেকে না শেখে।”

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পুলিশ এখন টার্গেট ব্যাগ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি আজ একজন কনস্টেবলের পায়ে গুলি লেগেছে। এরপরে পুলিশ সুপারদের গুলি খাওয়ার সময় আসবে।

আজ সকালে দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করতে বিধানসভায় গিয়েছিলেন সুকান্ত মজুমদার। দেখা করে বেরিয়ে যাওয়ার সময় সুকান্ত মজুমদার বলেন, তার দলের বিধায়করা বিধানসভায় ভাল কাজ করছেন। তাঁর অভিযোগ, বিরোধীরা প্রশ্ন করলে অনেক সময় উত্তর দেয় না শাসক দলের বিধায়ক মন্ত্রীরা। বলা হয় পরে লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে। কিন্তু পরে আর কিছুই জানানো হয় না বলে তিনি জানতে পেরেছেন বিধায়কদের কাছ থেকে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি সভাপতির দাবি, সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করেন বিরোধীরা। অথচ সেই প্রশ্নের উত্তর দেয় না রাজ্য সরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *