আবাস যোজনায় ঘর না পেয়ে থাকলে বিডিও অফিসে ঢিল ছুড়ুন, বন্দে ভারতে নয়: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৪ জানুয়ারি: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আবাস যোজনায় ঘর না পেয়ে থাকলে বিডিও অফিসে পাথর ছুড়ুন বন্দে ভারতে নয়।

বুধবার সুকান্তবাবু সাংবাদিকদের বলেন, কেউ কেউ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়ছেন প্রতিদিন। তারা ‘ঠিক’ জায়গায় পাথর ছুড়ুন। তিনি বলেন, আবাস যোজনার সুবিধা যারা পাননি তারা বিডিও অফিসে পাথর ছুড়ুন বন্দে ভারতে নয়।

প্রসঙ্গত, আবাস যোজনায় ঘর বিলি নিয়ে দুর্নীতির অভিযোগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ হচ্ছে। তাদের দাবি, তৃণমূলের নেতা নেত্রী, যাদের দোতলা বাড়ি থাকা সত্ত্বেও তারা এই আবাস যোজনায় সুবিধা নিয়েছেন। আর যারা অসহায় বেড়ার ঘরে বা কোনওমতে দাঁড় করিয়ে রাখা ঘরে বসবাস করছেন, তাদের নাম কেটে দেওয়া হয়েছে সমীক্ষার পরেও। তাই আবাস যোজনায় দুর্নীতি রুখতে গ্রামবাসীরা একত্রিত হয়ে গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।

গতকাল বালুরঘাটে একটি দলীয় সভা থেকে সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাঠিয়ে দিয়েছে। প্রয়োজন হলে কলার ধরে সেই টাকা আদায় করুন। প্রাপ্য পেতে বিজেপির কর্মীরা সব সময় মানুষের সঙ্গে থাকবে।

এদিকে সুকান্তবাবুর এই মন্তব্যের সমালোচনা করে তৃণমূলের কটাক্ষ, দেরি করে আবাস যোজনা প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বচ্ছ ভাবে দ্রুত কাজ হচ্ছে। মিথ্যে অভিযোগ তুলে উস্কানি দিয়ে হিংসার রাজনীতি করে কাজ বন্ধ করতে চাইছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, পরিকল্পিত ভাবে বন্দে ভারত একপ্রেসে পাথর ছুড়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *