ক্ষমা না চাইলে সারা বাংলাজুড়ে আগুন জ্বলবে, হুঁশিয়ারি মতুয়া ভক্তদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ ফেব্রুয়ারি: মতুয়াদের ক্ষোভ কিছুতেই থামছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না ক্ষমা চাইবে, ততক্ষণ আন্দোলন চলবে বলে আগেই জানিয়েছিল তারা। এবার তারা আরও কঠোর সিদ্ধান্ত নিল। এবার গাইঘাটা থানা ঘেরাও করে মতুয়ারা হুমকি দিল, ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে আগুন জ্বলবে। সোমবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার সামনে যশোর রোড অবরোধ করে ডঙ্কা, কাঁসর বাজিয়ে, হাতে ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখাতে এসে এমনই বললেন মতুয়া গড়ের কনভেনার।

উল্লেখ্য, কিছুদিন আগে মালদায় এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া ধর্মগুরুদের নাম ভুল উচ্চারণ করেন। তারপর থেকে গোটা বাংলাজুড়ে মতুয়া সমাজ উত্তাল হয়ে ওঠে। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মতুয়ারা ক্ষোভে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। তারা মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলন।

এদিন সকালে কয়েক হাজার মতুয়া ভক্ত, ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে ডঙ্কা, কাঁসর বাজিয়ে, হাতে ঝান্ডা নিয়ে মিছিল করতে করতে গাইঘাটা থানার সামনে জড়ো হয়। ১১ টা থেকে প্রায় দু’ঘণ্টা যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।

আন্তর্জাতিক পরিষদের কনভেনার সুখেশ চৌধুরী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মালদায় একটি সভা থেকে সারা বিশ্বের কোটি কোটি মতুয়া ভক্তদের আরাধ্য দেবতাদের নাম ইচ্ছাকৃত ভাবে বিকৃত করে উচ্চারণ করেছে বলে আমরা মনে করছি। মতুয়াদের ধর্মগুরুদের নাম নিয়ে এমন বিকৃত করায় মতুয়া ভক্তদের মনে আঘাত করেছেন। এক সপ্তাহ আগেই আমরা তার কাছে বার্তা দিয়েছি, তিনি যেন মতুয়া ভক্তদের কাছে ক্ষমা চান। কিন্তু দেড় সপ্তাহ পার হয়ে গেল তিনি এখনও ক্ষমা চাননি। তাই আমাদের আন্দোলন চলছে। এরপর সারা বাংলাজুড়ে আগুন জ্বলবে। ২১ ফেব্রুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে, সারা বাংলার মতুয়ারা তাঁকে নবান্য থেকে ছুড়ে ফেলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *