আমাদের ভারত, ৯ ডিসেম্বর: তৃণমূলের কোনো নেতার যদি দোতলা, তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও প্রধান মন্ত্রী আবাস যোজনায় আবার বাড়ি পান তাহলে তার ছবি সহ জানান। দরকার হলে আবার টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আবাস যোজনায় টাকা নয়ছয়ের অভিযোগ তুলে এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইচ্ছে করে তাদের দলের কর্মীদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি করার কারণে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে তাদের বঞ্চিত করেছে স্থানীয় তৃণমূল নেতা। এই ঘটনার প্রতিবাদে সরব হন সুকান্ত মজুমদার।
বিজেপি রাজ্য সভাপতি বলেন, “চিন্তা করবেন না। পঞ্চায়েত দখল করে আমরা সবাইকে বাড়ি দেব।” একই সঙ্গে তার হুঁশিয়ারি, “তৃণমূলের কোনো দোতলা তিনতলা বাড়িওয়ালার নেতা আবার যদি বাড়ি করার টাকা পাচ্ছেন তার ছবি সহ লিস্ট আমাদের কাছে দিন। আমি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পৌঁছে দেব। প্রয়োজনে আবার টাকা বন্ধ হবে। আবার টাকা আটকানো হবে”
তার অভিযোগ, মোদীজি টাকা পাঠাবে আর তা তোমরা চুরি করে বান্ধবীর বাড়িতে রেখে লুকোচুরি খেলবে সেটা হতে দেব না। আমরা নেতাদের পকেট থেকে, নেতাদের বাড়ি থেকে, নেতাদের কাছের লোকের কাছ থেকে টাকা যেরকম বার করে নিয়ে এসেছি সেরকমই সব চোরের পেট থেকেও সমস্ত সব টাকা বার করব এবং তাদের জেলে পাঠাবো।” কটাক্ষের সুরে তিনি বলেন, বিরোধী দল হিসেবে এতদিন আমরা বলছিলাম। কিন্তু এখন দিদিমণিও বলছেন ডিসেম্বরে ধামাকা হবে। একেই বলে চোরের মন পুলিশ পুলিশ।”

