স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ জুন: “তৃণমূল কংগ্রেসের গুন্ডারা ভোট লুঠ করতে এলে এবছর সাধারণ মানুষ লাঠি নিয়ে তাড়া করবে।” ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর দেওয়াল লিখন কর্মসূচিতে যোগ দিতে গিয়ে এমনটাই মন্তব্য উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতির।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে দেওয়াল লিখন শুরু করল জেলা বিজেপি নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি ২নং অঞ্চলের ১৯১ নম্ভর বুথে দেওয়াল লিখন করলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। বাসুদেব বাবু জানিয়েছেন, শুক্রবার উত্তর দিনাজপুর জেলার সর্বত্র দেওয়াল লিখন শুরু হয়েছে। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের ফলাফলের চাইতে এবারে ফলাফল অনেক ভাল হবে। গত পঞ্চায়েত ভোটের তুলনায় ফলাফল তিনগুন বাড়বে। জেলা পরিষদে গেরুয়া আবীরের খেলা হবে বলেও আশাবাদী বাসুদেববাবু।
তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে জেলায় ১০০ শতাংশ আসনেই মনোনোয়নপত্র দাখিলের কাজ শেষ হবে। পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে করতে হবে। শাসক দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইলে বিজেপি সমর্থকরা প্রস্তুত। শাসক দল বিরোধীদের নির্বাচনে বাধা দিলে লাঠি নিয়ে তাঁড়া করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

