“পচা গঙ্গার ধারে থাকলে গঙ্গার গুরুত্ব বোঝা যায় না,” মমতাকে কটাক্ষ দিলীপের

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ১৫ ডিসেম্বর: পচা গঙ্গার ধারে যে থাকেন তিনি গঙ্গার গুরুত্ব কী বুঝবেন? যার যেমন রুচি, সে তেমন কথা বলেছেন। কাশীতে মোদীর গঙ্গায় স্নান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার উত্তরে বুধবার নিউটাউনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষকে এই ভাষাতেই আক্রমণ করলেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর গঙ্গাস্নান নিয়ে মঙ্গলবার গোয়ায় কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন আসলে অনেকেই গঙ্গা স্নান করতে চলে যান। এমনকি বিজেপি দেশজুড়ে উগ্র হিন্দুবাদের মদত দিচ্ছে বলেও অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপির আমলে দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সেই প্রসঙ্গে আজ দিলীপ ঘোষ বলেন, মোদী করোনাকালে দেশের ত্রাতা। ১৩০ কোটি দেশবাসীকে খাদ্য দিয়েছেন। আর উনি কি করেছেন? সরকারি কর্মচারিদের বলেছিলেন এক লক্ষ করে টাকা দেবেন। কোথায় সেই টাকা প্রশ্ন তুলেছেন দিলীপবাবু। তারপরেই আক্রমণ করে তিনি বলেন, উনি রাজ্যের উন্নয়ন নয় বরং তোষণ করতে ব্যস্ত। প্রধানমন্ত্রী উন্নয়ন নিয়ে ভাবছেন। বারাণসীর মন্দিরগুলির উন্নতি করেছে। সেখানকার পর্যটন ব্যবসা আগামী দিনে ভালো হবে। তীর্থ করতে যাওয়া মানুষের আরও সুবিধা হবে। বারানসীর স্থানগুলির কিভাবে উন্নতি হয় তা দেখিয়ে দিয়েছেন মোদী। পশ্চিমবঙ্গের তীর্থস্থানগুলির উন্নতি হচ্ছে না বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।

এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়ার সফর নিয়ে তীব্র আক্রমণ করলেন পশ্চিম মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, বিরোধী জোট রইল কি গেল আমাদের কিছু যায় আসে না। মমতা ও সোনিয়া গান্ধীর গুরুত্ব নেই আমাদের কাছে। ওরা ব্যাস্ত নিজেদের গদি রক্ষায়। আমরা ব্যস্ত দেশরক্ষায় বলে জানান সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *