সুনির্দিষ্ট উদাহরণ থাকলে আদালতে আসবেন! সিবিআই ইডির অপব্যবহার নিয়ে বিরোধীদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

আমাদের ভারত, ৬ মার্চ: মোদী সরকার ইডি এবং সিবিআই এর মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করছে বিরোধীদের বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে ১৪ টি বিরোধী দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। বুধবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়ে দিয়েছে যদি কোনও নির্দিষ্ট উদাহরণ নিয়ে আসতে পারেন তারা, তবেই শুনানি চলতে পারে। সার্বিকভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে মামলার শুনানি কিংবা রায়দান কোনওটাই সম্ভব নয়।

আবেদনকারীর পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভিকে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারবেন তখনই ফের আদালতে আসবেন।

রাজনৈতিক লাভের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ তুলে ২৪ মার্চ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল দেশের ১৪ টি বিরোধী দল। এদের মধ্যে কংগ্রেস, তৃণমূল, আপ, সমাজবাদী পার্টি, আরজেডি, বিআরএস ছিল। কংগ্রেস নেতা আইনজীবী তাঁর আবেদনে প্রধান বিচারপতিকে জানিয়েছিলেন বর্তমানে সিবিআই এবং ই ডি তদন্তাধীন পঁচানব্বই শতাংশ মামলায় বিরোধী রাজনৈতিক দলে নেতাদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সিবিআই এবং ইডির অপব্যবহার রুখতে গ্রেফতারের আগে এবং পরে নির্দেশিকা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

প্রাথমিকভাবে প্রধান বিচারপতির বেঞ্চ বুধবার মামলাটি নথিভুক্ত করতে নির্দেশ দেয়। সেইমতো প্রথম শুনানি হয় বুধবার। শীর্ষ আদালত জানায় মামলার আবেদন লেখা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে সামগ্রিক ভাবে রাজনৈতিক বিরোধিতা এবং সরব হওয়া কণ্ঠস্বরকে আটকাতে দীর্ঘদিনের জন্য তাদের জেলে বন্দি করার সুনির্দিষ্ট পরিকল্পনা দেখা যাচ্ছে। এছাড়া প্রায়শই মারাত্মক আইন তৈরি করা হচ্ছে যাতে জামিন পাওয়া অসম্ভব হয়ে যায়। কিন্তু সিবিআই ইডি-র অপব্যবহার সংক্রান্ত সুনির্দিষ্ট উদাহরণ ছাড়া মামলা গ্রহণ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মোট আটটি বিরোধী দলের নেতারা। অভিযোগ করা হয়েছিল দলবদলে বিজেপিতে ঢোকা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাশর্মা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুকুল রায় এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নারায়ণ রামের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত থমকে আছে অথচ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *